বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

‘ছাত্রলীগ ট্যাগ দিয়ে ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে’

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

রাজনৈতিক মতাদর্শ নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনার জবাব দিতে এবার নিজের রাজনৈতিক অবস্থানের বিষয়ে পরিষ্কার তথ্য দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফেনীর সাবেক সমন্বয়ক ওমর ফারুক।

২৫ জুলাই শুক্রবার তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এসব বিষয় সম্পর্কিত একটি স্ট্যাটাস দেন তিনি। আপনাদের পড়ার সুবিধার্থে হুবহু তুলে ধরা হলো-

“কিছু বিষয় সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া দরকার। ইদানিং কমেন্ট এবং ইনবক্সে একটি রাজনৈতিক দলের একাধিক নেতাকর্মী থ্রেট দিচ্ছেন। অনেকে আওয়ামীলীগ ছাত্রলীগ ট্যাগ দিয়ে ভয়ভীতি দেখানোর চেষ্টা করছেন।

স্বপ্রণোদিত হয়ে সুস্পষ্টভাবে বলতে চাই, আমাদের এসব বলে দমানো যাবেনা। যেখানে গত ১৫ বছরের মছনদের বিরুদ্ধে দাঁড়াতে দ্বিতীয়বার ভাবিনি, সেখানে আপনাদের মতো পুটিমাছদের ভয় পাওয়ার প্রশ্ন আসেনা।

আমার আব্বু শেখ মুজিবকে পছন্দ করতেন। আপনারা অনেকেই জানেন, আমার গ্রাম প্রায় পুরোপুরি আওয়ামী অধ্যুষিত এলাকা, সবকিছুর দরুন জন্মগতভাবে আমার বন্ধুদের বেশিরভাগ ছাত্রলীগ করতো, তাদের সঙ্গে আমার ওঠাবসা ছিলো বলে অনেকের সঙ্গে আমার ছবি ছিলো।

বিশেষ করে ফেনী-০১ আসনের সাবেক এমপি আলাউদ্দিন নাসিম ও তার ভাই পাপ্পুর সঙ্গে আমার ছবি রয়েছে, যেখানে উনাদের সঙ্গে দেখা করার মূল কারণ ছিলো আমার ইউনিভার্সিটির ফি কমানো। এর বাহিরে উনারা দু’জন আমাকে চেনারও কথা না।

ছাত্রলীগের অনেক বন্ধুবান্ধব থাকায় একাধিক নেতাকর্মীর সঙ্গে আমি ছবি ইচ্ছায় কিংবা অনিচ্ছায় তুলেছিলাম কিন্তু আমি কখনোই আওয়ামীলীগের কোনো পদবি হোল্ড করিনি, এমনকি কখনো পদ পাওয়ার আশায় কোথাও সিভি জমা দিইনি এবং শেষ ৪/৫বছরে আমার ছাত্রলীগ বন্ধুদের সঙ্গেও আমার দৃশ্যমান দূরত্ব তৈরি হয়েছিল, তাদের অনেককে আমি বিভিন্ন সময় পরামর্শ দিয়েছি, এসব ছেড়ে দেশের বাহিরে চলে যেতে। গত ১৫ বছর আওয়ামীলীগের অপশাসনের বিরুদ্ধে যুক্তিযুক্ত লিখালিখি করেছি, বিশেষ করে পিলখানা হ-ত্যার বিরুদ্ধে আমি সোচ্চার ছিলাম, এছাড়া সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি, লিখেছি।

মূল বক্তব্যে ফেরা যাক, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমি ২০২৪সালের ১৫ জুলাই থেকে লিখালিখি শুরু করি এবং ১৬ জুলাই থেকে আন্দোলনে সরাসরি যুক্ত হই। যখন নিষিদ্ধ ছাত্রলীগের ভয়ে অনেকে ভয়ে সোশ্যাল মিডিয়ায় লিখতে পারছিলোনা, যখন অনেকে ভয়ে লিখার পর মুছে ফেলেছিলো ঠিক তখন জীবনের মায়া ত্যাগ করে ১ আগস্টে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমদের উত্তরসূরী হতে সমন্বয়ক কমিটিতে যুক্ত হই। যা ছিলো আমার জীবনের সেরা সিদ্ধান্তগুলোর একটি। ৩ আগস্ট রাতে ছাত্রলীগ গুলি করবে বলে পূর্বে ঘোষণা করলেও ৪আগস্ট মাঠে নামতে একপা পিছুপা হইনি। সেই সময় থেকে আমি ভয়কে উপেক্ষা করে চলতে শিখেছি।

যেখানে জীবনের মায়া ত্যাগ করে ভয়কে জয় করছিলাম এবং ১৫ বছরের সাম্রাজ্য মাড়িয়ে দিতে সক্ষম হয়েছি, সেখানে আপনাদের মতো উগ্রবাদীদের থ্রেটে ভয় পাবো কীভাবে ভাবেন? আমি দীর্ঘ সময় সংগ্রাম করিনি, তবে অল্প সময়ের সংগ্রামে কোনো রাজনৈতিক উদ্দেশ্যে লড়িনি, স্বার্থ হাসিলের উদ্দেশ্যে নয় বরং দেশপ্রেমের অংশ হিসেবে সমন্বয়ক কমিটিতে ঢুকেছিলাম, শহীদী তামান্না নিয়েই মাঠে নেমেছিলাম।

সুতরাং সাবধান করে দিচ্ছি, এসকল ভয় আমাদের দেখাতে আসবেন না, আমাদের হুংকার কমেছে দেখে সাহসের ঘাটতি বলে ভাবতে যাবেন না। অন্যথায় আমরাও বলতে পারতাম, যে চোখ দিয়ে তাকাচ্ছেন, সে চোখ উপড়ে ফেলবো, আমরাও আইনীভাবে হয়রানির হুমকি দিতে পারতাম কিন্তু সেসকল হুংকারের রাজনীতি, উপড়ে ফেলা আর হয়রানির রাজনীতির অবসান ৫ আগস্ট ই হয়ে গিয়েছে।

আপনাদের সক্ষমতা কতটুকু, তা গত ১৫ বছরে দেখে এসেছি, দয়া করে মায়ের কাছে মাসীর গল্প শোনাতে আসবেন না। এতোদিন এসব নিয়ে মুখ খুলিনি, গত ১৫বছর কে কোথায় কার কাছে ধর্না দিয়েছেন, কার সঙ্গে ছবি তুলেছেন, কার সঙ্গে লেয়াজু করে কোথায় কী করেছেন, কী সুবিধা নিয়েছেন কোনোকিছু অজানা নয়।

সময় যার অনুকূলেই থাকুক, সময় বদলায়, আপনারো বদলাবে, তেমনি আমারো। সুতরাং কেউ কাউকে থ্রেট দিয়ে পালিয়ে বাঁচার সুযোগ খোদা রাখেননাই। সময় সবকিছু ফিরিয়ে দেয় এবং ফিরিয়ে নেয়।

মাসল পাওয়ার দেখিয়ে রাজনীতি করার সুযোগ আর নেই, রাজনীতি যদি করতেই হয়, দেশের জন্য কাজ করুন, শিক্ষার্থীদের জন্য কাজ করুন, মানুষের সমস্যা সমাধানে এগিয়ে আসুন, তবেই আপনার, আমার, আমাদের রাজনীতি পরিপূর্ণতা পাবে।

পরিশেষে বলতে চাই, আমরা অতীতে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিলাম, তখন আওয়ামীলীগ দাবি করেছিলো বিএনপি জামায়াতের পক্ষে বলছি। এখনো আমরা একই কাজ করছি, কথা বলছি, আগামীতেও আমরা একইভাবে বলে যাবো, কার বিরুদ্ধে যাচ্ছে সেসব দেখার বিষয় না।”

শেয়ার করুন

সংশ্লিষ্ট আরও সংবাদ
© All rights reserved © 2024 The Dhaka Age
Theme Download From ThemesBazar.Com