বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

মাদ্রাসা শিক্ষক মাওলানা আব্দুল হাইকে গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

নোয়াখালীর চাটখিলে খিলপাড়া ইসলামিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানায় শৈশব থেকে ধারাবাহিক যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক মাওলানা আবদুল হাইয়ের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে অভিযোগ ওঠার পরও ব্যবস্থা না নেওয়ায় মাদ্রাসার গভর্নিং বোর্ডের ভূমিকা তদন্ত এবং দায়ীদের বিচারের দাবি জানিয়েছেন মানববন্ধনকারীরা।

মানববন্ধনে ভুক্তভোগী নাহিয়ান মাসুদ নীল বলেন, “আমি আর লুকাতে চাই না। কারণ আমার কৈশোর বয়সটা এই নরপশু শেষ করে দিয়েছে। এরপর এত বছর পার হয়েছে, এখনও আমি বিচার পাইনি। আজ মানববন্ধনে এসেছি, যাতে অন্য ভুক্তভোগীরাও ভয় না পেয়ে সামনে আসতে পারেন।”

ভুক্তভোগীর কাজিন মো. দিদারুল ইসলাম অভিযোগ করেন, মানববন্ধনের খবর আগে থেকেই মাদ্রাসা কর্তৃপক্ষ জানতে পেরেছিল। এ কারণে মাদ্রাসার সামনে শিক্ষক ও শিক্ষার্থীদের অবস্থান থাকায় তাঁরা বিপরীত পাশে মানববন্ধন করেন। তবে সেখানে তাঁদের ওপর হামলার পরিকল্পনা করা হচ্ছে—এমন খবর পেয়ে নিরাপত্তার শঙ্কায় দ্রুত স্থান ত্যাগ করেন তাঁরা।

দিদারুল ইসলাম আরও বলেন, মানববন্ধনের আগের দিন পুলিশকে বিষয়টি জানানো হলেও কর্মসূচির সময় পুলিশ উপস্থিত হয়নি। ঘটনার পর থেকে পুলিশের কাছ থেকে কোনো সহযোগিতা পাননি বলেও অভিযোগ করেন তিনি।

মো: দিদারুল ইসলাম আরও বলেন, “এই ঘটনাটি অনেকদিন মাদ্রাসা কর্তৃপক্ষ বিচার না করে ধামাচাপা দিতে চাইছে। আমার কাজিন যখন আমাকে জানায়, তারপর আমরা অনেকবার পুলিশের কাছে গিয়েছি। কিন্তু তারা অভিযোগ নেয় নাই। উল্টো বলেছে, আমরা যেন চুপ হয়ে যাই, যেহেতু ধর্মীয় ইস্যু জড়িত। আর মাদ্রাসার কমিটি থেকেও নাকি তাদের উপর চাপ আছে। মাদ্রাসা কমিটিতে স্থানীয় রাজনৈতিক দলগুলোর নেতারা আছেন।”

দিদারুলের অভিযোগ, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীর সঙ্গে যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে। শিক্ষার্থীদের ধর্মীয় ভয় দেখিয়ে শোষণ করার অভিযোগও করেন তিনি। তাঁর প্রশ্ন, বারবার অভিযোগ ওঠার পরও গভর্নিং বোর্ড কেন কোনো ব্যবস্থা নেয়নি? এ কারণে বোর্ডের ভূমিকা তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

মানববন্ধনে লোকসমাগম কম হওয়ার কারণ হিসেবে দিদারুল ইসলাম বলেন, অনেককে আমন্ত্রণ জানানো হলেও মব সন্ত্রাসের আশঙ্কায় তাঁদের বেশিরভাগই কর্মসূচিতে যোগ দেননি।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মাওলানা আবদুল হাইয়ের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের সত্যতা নিয়ে কোনো মন্তব্য করেননি। বরং মানববন্ধনকারীদের ইসলামবিরোধী ও নাস্তিক বলে আখ্যা দিয়ে কল কেটে দেন। পরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

মানববন্ধনে ভুক্তভোগী নাহিয়ান মাসুদ নীল, তাঁর কাজিন মো. দিদারুল ইসলাম এবং এলাকাবাসীর মধ্যে নাহিদ সুলতান, মো. রনি, মুরাদ হোসেন, মো. রাসেল আহমেদ ও হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

সংশ্লিষ্ট আরও সংবাদ
© All rights reserved © 2024 The Dhaka Age
Theme Download From ThemesBazar.Com