বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

আসছে আবারও ‘সেবা’

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

সেবা প্রকাশনীর কার্যক্রম গত বুধবার সাময়িক স্থগিতের ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বইপ্রেমীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে পুরনো বইয়ের প্রচ্ছদ, বুকশেলফের ছবি ও পাঠস্মৃতি শেয়ার করে কৈশোর-তারুণ্যের অভিজ্ঞতা তুলে ধরছেন। কেউ খুঁজে বের করছেন হলুদ হয়ে যাওয়া ‘তিন গোয়েন্দা’, কেউ বহুবার পড়া ‘মাসুদ রানা’ সিরিজের বই।

১৯৬৩ সালে কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেন প্রতিষ্ঠিত সেবা প্রকাশনী দীর্ঘদিন ধরে জনপ্রিয় ধারার সাহিত্যের অন্যতম প্রতিষ্ঠান। ‘মাসুদ রানা’, ‘তিন গোয়েন্দা’, ‘কুয়াশা’, ‘ওয়েস্টার্ন’ ও ‘ভৌতিক’ সিরিজ তরুণ প্রজন্মকে মুগ্ধ করেছে। আশির দশকে ‘ধ্বংস পাহাড়’, ‘মিশন তেল আবিব’ যেমন সাড়া ফেলেছিল, নব্বইয়ে ‘আংটির রহস্য’, ‘প্রেত সাধনা’ স্কুলব্যাগে জায়গা নিয়েছে। ২০০০ সালের পরও ‘সিলেটে তিন গোয়েন্দা’, ‘পিছনে কে’ পড়েছে নতুন প্রজন্ম।

পাঠকরা মনে করেন, সেবার বই তাদের পাঠাভ্যাস ও কল্পনার জগৎ গঠনে ভূমিকা রেখেছে। স্থগিতাদেশ সাময়িক, সব জটিলতা কাটিয়ে ফিরে আসবে প্রতিষ্ঠানটি— এমন আশাই করছেন সবাই। প্রতিষ্ঠানের পক্ষ থেকেও দেওয়া হয়েছে এমনই ঘোষণা।

শেয়ার করুন

সংশ্লিষ্ট আরও সংবাদ
© All rights reserved © 2024 The Dhaka Age
Theme Download From ThemesBazar.Com