শিক্ষা একটি জাতির মেরুদণ্ড—এ কথাটি আমরা প্রায়ই বলি, কিন্তু বাস্তবে শিক্ষকদের মর্যাদা ও সুবিধা আমাদের নীতিতে যথাযথভাবে প্রতিফলিত হয়নি। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকগণ এখনো সাধারণ জাতীয় বেতন কাঠামোর অধীনে রয়েছেন।
শিক্ষকগণের মূল দায়িত্ব—গবেষণা, জ্ঞানচর্চা, ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করা—যেটি সঠিকভাবে মূল্যায়িত হচ্ছেনা। ফলস্বরূপ মেধাবী তরুণরা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা পেশায় আগ্রহ হারাচ্ছেন, আর অনেকে বিদেশমুখী হচ্ছেন। বিভাগে ফার্স্ট হয়ে সবচেয়ে ভালো রেজাল্ট করে যে স্কেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা শুরু করেন, সেই একই স্কেলে ৫০তম জনও শুরু করেন। কারণ- সবাই সাধারণ বেতন কাঠামোর অধীনে।
প্রথম দিকের রেজাল্টধারীদের তো আরো অপোরচুনিটি রয়েছে। তিনি কেনো এত কম বেতনে কাজ করবেন; তিনি কেন সুযোগ থাকার পরও দেশের বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করবেন। আপনি হয়তো বলেবেন, তাকে রাখার দরকার কী? হ্যাঁ অবশ্যই রাখার দরকার আছে, যদি আপনি উন্নত জাতি ও দেশ গঠনের স্বপ্ন দেখেন। আর যদি মনে করেন আমরা সারাজীবন সার্বোডিনেট হয়ে থাকবো, তাহলে তো কিছু বলার নাই।
যিনি জনসম্পদ তৈরি করবেন তাকে সঠিকভাবে মূল্যায়ন না করলে তিনি ফুল এফোর্টটা তো দিতে পারবেন না। ভালো শিক্ষার্থীরা বিদেশে পড়তে গিয়ে আর ফিরে আসেন না; কেন আসেন না সেটি দেখা দরকার।
বিশ্বের বহু দেশে শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো রয়েছে। দক্ষিণ এশিয়ার রাষ্ট্র ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা পর্যন্ত শিক্ষকদের জন্য আলাদা কাঠামো গড়ে তুলেছে। এর ফলে গবেষণা ও উদ্ভাবনে প্রণোদনা তৈরি হয়েছে, যোগ্য মেধা আকৃষ্ট হচ্ছে এবং শিক্ষা খাত জাতি গঠনের মূল চালিকাশক্তি হিসেবে শক্তিশালী ভূমিকা পালন করছে। অথচ বাংলাদেশে শিক্ষা খাতকে পর্যাপ্ত গুরুত্ব না দেওয়ার কারণে আমরা পিছিয়ে পড়েছি।
জাতীয় উন্নয়ন কৌশল বাস্তবায়নে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য। গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা, প্রযুক্তি ও উদ্ভাবন ছাড়া উন্নত বাংলাদেশ কল্পনা করা যায় না। এজন্য শিক্ষকদের অর্থনৈতিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা জরুরি। একটি উন্নত স্বতন্ত্র পে স্কেল তাঁদেরকে শুধু আর্থিকভাবে নয়, বরং পেশাগতভাবেও অনুপ্রাণিত করবে। এতে ভালো রেজাল্টধারীরা দেশে থাকবেন, পূর্ণ উদ্যমে শিক্ষা ও গবেষণায় সম্পৃক্ত হতে পারবেন।
আজ জাতির প্রত্যাশা—বর্তমান সরকার একটি শিক্ষা-বান্ধব পে স্কেল প্রদান করবে। শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো প্রদান করবে। এটাই হবে দেশের ভবিষ্যৎ বিনিয়োগ—কারণ শিক্ষায় বিনিয়োগ মানেই উন্নয়নে বিনিয়োগ। শিক্ষকের মর্যাদা রক্ষা না করলে সঠিক উন্নয়ন বাধাগ্রস্ত হবে। আর শিক্ষকের মর্যাদা রক্ষা মানে একটি জ্ঞানভিত্তিক, শক্তিশালী ও উন্নত বাংলাদেশের পথে এগিয়ে যাওয়া। ধন্যবাদ।
সদস্য সচিব, ইউনিভার্সিটি টিচার্স লিংক
অধ্যাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়