উইটকফ জানান, এই সফরের উদ্দেশ্য ছিল ট্রাম্পকে মানবিক পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়া এবং গাজার জনগণের কাছে খাদ্য ও চিকিৎসা সহায়তা পৌঁছে দেয়ার পরিকল্পনা তৈরিতে সহায়তা করা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ গাজায় আরো খাদ্য সরবরাহের পরিকল্পনার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি শুক্রবার (১ আগস্ট) গাজায় মার্কিন-সমর্থিত ত্রাণ বিতরণ কেন্দ্র পরিদর্শনের পর এ প্রতিশ্রুতির কথা জানিয়েছেন।
গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ এমন এক সময়ে এই সফর করলেন যখন বিশ্বব্যাপী অ্যাডভোকেসি গ্রুপ হিউম্যান রাইটস ওয়াচের একটি প্রতিবেদনে ইসরাইলি বাহিনীকে মার্কিন-সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত ত্রাণ কেন্দ্রগুলোর কাছে ‘নিয়মিত রক্তপাত’ ঘটানোর অভিযোগ করা হয়েছে।
ফিলিস্তিনি অঞ্চলের জাতিসঙ্ঘের মানবাধিকার কার্যালয় জানিয়েছে, গত ২৭ মে থেকে গাজায় সাহায্যপ্রার্থী কমপক্ষে এক হাজার ৩৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে জুলাই মাসের শেষ দুই দিনে কমপক্ষে ১০৫ জন নিহত হয়েছেন।

জাতিসঙ্ঘের কার্যালয় আরো জানিয়েছে, এই হত্যাকাণ্ডের বেশিভাগই ইসরাইলি সেনাবাহিনীর মাধ্যমে সংঘটিত হয়েছে। জিএইচএফ ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ৮৫৯ জন এবং জাতিসঘ ও অন্যান্য সাহায্য সংস্থার কনভয়ের ব্যবহৃত রুটে ৫১৪ জন নিহত হয়েছে।
উইটকফ জানান, তিনি গাজার অভ্যন্তরে পাঁচ ঘণ্টারও বেশি সময় কাটিয়েছেন। এই সফরের উদ্দেশ্য ছিল ট্রাম্পকে ‘মানবিক পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়া এবং গাজার জনগণের কাছে খাদ্য ও চিকিৎসা সহায়তা পৌঁছে দেয়ার পরিকল্পনা তৈরিতে সহায়তা করা’।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মানুষ যেন অভুক্ত না থাকে সেটি চাওয়া বলে জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মার্কিন সংবাদ সাইট অ্যাক্সিওসকে ফোনে বলেন, ‘আমরা মানুষকে সাহায্য করতে চাই। আমরা তাদের বাঁচতে সাহায্য করতে চাই। আমরা মানুষকে খাওয়াতে চাই। গাজার মানুষকে আরো অনেক আগেই সহায়তা করা উচিত ছিল।’
সূত্র : বাসস