বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত দেখতে চায় বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। বুধবার দুপুরে ঢাকায় মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিনি বলেন, ‘মার্কিন প্রতিনিধি দল জানতে চাচ্ছে আমরা কখন নির্বাচন চাই। আমরা বলেছি, সরকারের প্রধান উপদেষ্টা জানিয়েছেন—এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন দেওয়া হবে। আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে, রমজানের আগেই নির্বাচন শেষ হওয়া উচিত।’
ডা. শফিকুর রহমান আরো বলেন, ‘জুনে নির্বাচন হলে বর্ষা, ঝড়-ঝাপটা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে নির্বাচনী প্রক্রিয়া অনিশ্চয়তার মুখে পড়তে পারে। এই আশঙ্কা থেকেই আমরা রমজানের আগেই নির্বাচন চাই।’
নির্বাচনী পদ্ধতি ও রাজনৈতিক অবস্থান বৈঠকে জামায়াত ইসলামীর পক্ষ থেকে বলা হয়, দলটি আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচন দেখতে চায়। এছাড়া, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিও তারা মার্কিন প্রতিনিধিদের সামনে তুলে ধরে।
মার্কিন আগ্রহ জামায়াত নেতার মতে, মার্কিন প্রতিনিধিরা দলটির নির্বাচন সংক্রান্ত অবস্থান, গণতান্ত্রিক চর্চা, এবং ভবিষ্যতের সরকার গঠনের রূপরেখা জানতে চেয়েছেন। দলটি স্পষ্টভাবে জানায় যে, একটি গ্রহণযোগ্য নির্বাচন ও নিরপেক্ষ প্রশাসনের অধীনে ভোট আয়োজনই স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে পারে।
আওয়ামী লীগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে ডা. শফিকুর রহমান বলেন, ‘জুলাই-অগাস্টে যারা আহত হয়েছেন, তারা এখনো হাসপাতালে। এই অবস্থার দায় আওয়ামী লীগের। তাদের বিচার অবশ্যই হতে হবে এবং সেই বিচার সুষ্ঠুভাবে হতে হবে।’