বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

কোটা নয়, শহীদ ও আহত পরিবারের পুনর্বাসন চাই

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

এহসানুল মাহবুব জোবায়ের
বাংলাদেশের শিক্ষা ও চাকরির ক্ষেত্রে কোটা ব্যবস্থা একটি দীর্ঘদিনের বিতর্কিত ইস্যু। জনগণের দাবির মুখে অতীতে কোটার সংস্কার ও বাতিলের আন্দোলন হয়েছে, সরকারের পতনও আমরা দেখেছি। কিন্তু পুরনো কাঠামোর মতোই বারবার নানান সিদ্ধান্তের মাধ্যমে কোটা বহাল রাখার চেষ্টা চলছে। আমরা এই বিতর্কে যেতে চাই না। আমাদের দাবি স্পষ্ট— আমরা কোটার পক্ষে নই, আমরা চাই আহতদের পুনর্বাসন ও নিহতদের পরিবারের জন্য কর্মসংস্থান। গত ২০ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা একটি আদেশে জুলাই অভ্যুত্থানে হতাহত পরিবারের সন্তানদের সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ৫ শতাংশ কোটা নির্ধারণের কথা জানানো হয়। আগের নীতিমালায় ভর্তিতে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাদের জন্য ৫ শতাংশ কোটা ছিল। এখন এই ৫ শতাংশের মধ্যে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা যুক্ত হবেন বলে জানা যায়। জুলাই-আগস্টের আন্দোলনে আহত-নিহতদের পরিবারের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির কোটা, চাকরির কোটা আমরা চাই নাই। আমরা চাইছি আহতদের পূনর্বাসন ও নিহতদের পরিবারের কর্মক্ষম অন্তত একজনকে চাকরি। সেটা না করে গোজামিল সিদ্ধান্তের মাধ্যমে ছাত্র-জনতাকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, সেই পুরনো কাঠামোর মতো ঘুরিয়ে-ফিরিয়ে কোটা বহাল রাখা হচ্ছে। কোটা বহাল রেখে পূনর্বাসন প্রক্রিয়াকে এড়িয়ে যাওয়া হচ্ছে কিনা? এরেকম প্রশ্নেরও উদ্রেক হচ্ছে। এসব বিতর্কিত সিদ্ধান্ত থেকে সরে এসে আমরা মূল দাবি বাস্তবায়ন দেখতে চাই।

একটু পিছনে কোটা সংস্কারের প্রেক্ষাপটের দিকে তাকালেই আমরা এমন সিদ্ধান্তের অযৌক্তিকতা দেখতে পাই। ২০২৪ সালের ৫ জুন বাংলাদেশ হাইকোর্ট বিভাগ ২০১৮ সালে বাংলাদেশ সরকারের জারি করা পরিপত্রকে অবৈধ ঘোষণার করে রায় দেয়। এরপর কোটা পদ্ধতির সংস্কার আন্দোলন আবার নতুনভাবে আলোচনায় আসে। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে সেই পরিপত্রটি জারি করা হয়েছিল। ঐ পরিপত্রের মাধ্যমে সরকারি চাকরিতে নবম গ্রেড এবং ১০ম-১৩তম গ্রেডের পদে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সকল কোটা বাতিল করা হয়েছিল। কোটা পূনর্বহালের রায়ের পর দেশব্যাপী কোটাবিরোধী তুমুল আন্দোলনে রুপ নেয়। রংপুরে পুলিশের গুলিতে আবু সাইদ, চট্টগামের ওয়াসিমসহ সারাদেশে ৭ জন নিহত হয়। অনেক ছাত্রজনতা আহত হয়, গ্রেফতার হয়। এরপর লাগাতার আন্দোলনের প্রেক্ষিতে ২১ জুলাই বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে ও সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ নিয়োগ দেওয়ার নির্দেশ প্রদান করে, পরদিন প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনের ফলে কোটা সংস্কার হলেও ছাত্রজনতা হত্যা ও এর প্রেক্ষিতে সৃষ্ট আন্দোলনের ধারাবাহিকতায় সরকার পতনের এক দফা আন্দোলনে রুপ নেয়। ৫ আগস্টে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের মাধ্যমে আন্দোলন চুড়ান্ত পরিণতি পায়।

দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে আহত ও নিহতদের পরিবারগুলো ভয়াবহ সংকটের মধ্য দিয়ে যায়। জুলাই-আগস্টের আন্দোলনে ক্ষতিগ্রস্থ কয়েক হাজার পরিবার। একদিকে প্রিয়জন হারানোর শোক, অন্যদিকে জীবিকা হারানোর অনিশ্চয়তা তাদের জীবনে দুর্ভোগ। রাজধানীসহ ঢাকার বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো পূনর্বাসনের দাবিতে আন্দোলনও করেছে। এসব পরিবারের সদস্যদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। অথচ, পুনর্বাসনের যথাযথ উদ্যোগ না নিয়ে, বিতর্কিত কোটার নামে একটি বিকৃত সমাধান চাপিয়ে দেওয়া হচ্ছে। এটি ছাত্র-জনতার মূল দাবিকে ভুলভাবে উপস্থাপন করার একটি কৌশল হিসেবে দেখার সুযোগ রয়েছে।

আমরা বলতে চাই, যারা আন্দোলনে আহত হয়েছেন, তাদের চিকিৎসা ও উপযুক্ত পুনর্বাসন নিশ্চিত করতে হবে; নিহতদের পরিবারের কর্মক্ষম অন্তত একজন সদস্যের চাকরির ব্যবস্থা করতে হবে, যাতে তারা সম্মানের সঙ্গে বাঁচতে পারে; একটি নির্দিষ্ট পুনর্বাসন তহবিল গঠন করে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করতে হবে; যারা রাষ্ট্রীয় দমন-পীড়নের শিকার হয়েছে, তাদের শারিরীক ও মানসিক পুনর্বাসনের জন্য যথাযথ ব্যবস্থার প্রয়োজন।

আমরা দেখতে চাই, রাষ্ট্র ও সরকার কোটার এই বিভ্রান্তিমূলক কৌশল থেকে সরে এসে প্রকৃত পুনর্বাসনের দিকে মনোযোগ দেবে। কোটা নয়, পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে সঠিক সমাধান করবে। আর সেই সমাধান যতদিন না আসে, ততদিন নাগরিক সমাজ, ছাত্রসমাজ ও সচেতন জনগণ এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। আমাদের অবস্থান স্পষ্ট। জনগণের ন্যায্য দাবির সঙ্গে আপস নয়।

কেন্দ্রীয় সদস্য
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

শেয়ার করুন

সংশ্লিষ্ট আরও সংবাদ
© All rights reserved © 2024 The Dhaka Age
Theme Download From ThemesBazar.Com