বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

বিপন্ন নদী রক্ষার দায়

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

এহসানুল মাহবুব যোবায়ের

মানুষের টিকে থাকার প্রধান উপাদান গুলোর মধ্যে অন্যতম—জলাধার। প্রাচীনকাল থেকে মানুষের বসবাসের স্থান নির্ধারণ হতো তাই নদীকে কেন্দ্র করে। নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছিলো মানবসভ্যতা। নীল নদকে কেন্দ্র করে মিশরীয় সভ্যতা, হোয়াংহো নদীকে কেন্দ্র করে চীন সভ্যতা, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরবর্তী অঞ্চলে মেসোপটেমিয়া সভ্যতা এবং সিন্ধু নদের অববাহিকায় সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল। মানুষের সংগ্রাম ও অদম্য স্পৃহা শক্তি গড়ে উঠে তাই নদীর সাথে টিকে থেকে।

নদীর প্রতি মানুষের করণীয়, নদী রক্ষায় দায়িত্ব, মানুষের দায়বদ্ধতার বিষয়ে স্মরণ করিয়ে দিতে প্রতি বছর ১৪ মার্চ পালন হয়ে আসছে — আন্তর্জাতিক নদীকৃত্য দিবস। ১৯৯৮ সাল থেকে বিশ্বে দিবসটি পালিত হয়ে আসছে। ১৯৯৭ সালের মার্চে ব্রাজিলের কুরিতিয়া শহরে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সমাবেশ থেকে আন্তর্জাতিক নদী কৃত্য দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের সংকট এবং অন্যান্য দুর্যোগে ক্রমাগত ক্ষতিগ্রস্ত হচ্ছে নদী। প্রাকৃতিক দূর্যোগের সাথে যোগ হয়েছে মানবসৃষ্ট সংকট। অযাচিত দূষণ ও দখলে মৃত প্রায় শত শত নদী। কালের গর্ভে হারিয়ে গেছে দেশের নাম না জানা অসংখ্য নদী। আমাদের দীর্ঘ অবহেলিত নদীগুলোকে পুনরুদ্ধার করতে হলে সরকার, আদালত, বিভিন্ন সংস্থা এবং সুশীল সমাজকে সাথে নিয়ে ব্যাপক এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

আমাদের বর্তমান অর্থনৈতিক ব্যবস্থায় অনেক ক্ষেত্রেই নদীর যথেচ্ছ ও অযাচিত শোষণকে বলতে গেলে একপ্রকার উদ্বুদ্ধ করা হয়। কেবল মাত্র লাভের আশায় নদীর পানি, এর উপরে নির্ভরশীল বিভিন্ন প্রাণি ও অন্যান্য জীববৈচিত্র্যকে বিনষ্ট করা হয়। পরিবেশ আইনের মাধ্যমে এক্ষেত্রে কিছুটা সুরক্ষার ব্যবস্থা থাকলেও আইন বরাবরই এই সমস্যা সমাধানের মূলে গিয়ে পরিবর্তন আনতে ব্যর্থ হয়েছে।

বাংলাদেশের সর্বোচ্চ আদালত নদীকে জীবন্ত সত্তা ঘোষণা করে এক যুগান্তকারী রায় দেয়। এতে বলা হয়, দেশের সব নদ-নদী এখন থেকে ‘জীবন্ত সত্তা’র অধিকার প্রাপ্য হবে। এই নীতি বাস্তবায়ন ও এ সংক্রান্ত যাবতীয় আইনের প্রয়োগ নিশ্চিত করতে সরকার এরই মধ্যে ‘জাতীয় নদী রক্ষা কমিশন’ নামে একটি স্বাধীন সংস্থাকে দায়িত্ব প্রদান করেছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, দেশে জীবিত নদীর সংখ্যা চারশোর মতো। আদালত নদীকে ‘জীবন্ত সত্তা’ হিসেবে স্বীকৃতি দিলেও তা বাস্তবায়নে নেই দৃশ্যমান অগ্রগতি। একদিকে দখলকারী উচ্ছেদ হলে অন্যদিকে আবার হয় দখল।

নদী বিশেষজ্ঞরা বলছেন, ২০০৯ সালে এক রিটের পরিপ্রেক্ষিতে ঢাকার আশপাশে চার নদীর দূষণ, অবৈধ দখল ও নদীগুলোর ভেতরে বিভিন্ন স্থাপনা অপসারণ, সিএস এবং আরএস ম্যাপ অনুসারে নদীগুলোর সীমানা জরিপ, প্রতিবেশগত সংকটাপন্ন ঘোষণা, নদীগুলো রক্ষায় প্রয়োজনীয় নির্দেশনা প্রণয়নসহ ১১ দফা নির্দেশনা দেন উচ্চ আদালত।

এ ছাড়া ২০১১ সালে বুড়িগঙ্গার পানি দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নিতে তিন দফা নির্দেশনা দেন হাইকোর্ট। ২০১৯ সালে তুরাগসহ দেশের সব নদীকে ‘জীবন্ত সত্তা’ ঘোষণা করেন উচ্চ আদালত। কিন্তু কোনো নির্দেশনাই এখনও বাস্তবায়ন হয়নি।

সম্প্রতি বুড়িগঙ্গা নদী নিয়ে এক গবেষণায় দেখা যায়, ১৯৯০ সালে বুড়ীগঙ্গায় কমবেশি ১৩ শতাংশ (৬৭.৬৩ বর্গ কিলোমিটার) এলাকা জলাশয় বা জলাভূমি ছিল। ২০০০ সালে সেটা বেড়ে দাঁড়ায় কমবেশি ১৫ শতাংশে (৭৯.৯১ বর্গকিলোমিটার)। ২০০০ সাল থেকে ২০১০ পর্যন্ত অববাহিকায় হঠাৎ করে জলাভূমির হার প্রায় ৬ শতাংশ কমে ৯ শতাংশে এসে দাঁড়ায়। ২০১০ থেকে ২০২০ পর্যন্ত জলাভূমির পরিমাণ আরও কমে ৭.১৭ শতাংশ এসে দাঁড়ায়। বুড়ীগঙ্গায় জলাভূমির পরিমান (১৯৯০ সাল থেকে ১২.৬৩ শতাংশ কমে ২০২০ সালে ৭.১৭ শতাংশে এসেছে)।অর্থাৎ গত ৩০ বছরে জলাভূমি কমেছে ৫.৪৬ শতাংশ।

বুড়িগঙ্গা অববাহিকায় ভূমিরূপের পরিবর্তন বোঝার জন্য এই গবেষণায় ১৯৯০ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ১০ বছর ব্যবধানের উপগ্রহচিত্র বিশ্লেষণ করা হয়েছে। চারটি ব্যাপক মাত্রায় ব্যবহৃত সূচক এক্ষেত্রে বেছে নেওয়া হয়েছিল- নিম্নভূমি, বসতি, সবুজাঞ্চল, জলাভূমি। বুড়িগঙ্গা নদীপ্রবাহের দুই পাশে দুই কিলোমিটার বাফার এরিয়া ধরে এর অববাহিকা ৫৩৬ বর্গকিলেমিটার নির্ধারিত হয়েছে।

এছাড়াও গবেষণাটিতে বলা হয়, ১৯৯০ সালে বুড়িগঙ্গা অববাহিকার সবুজাঞ্চল ১৯৯০ সালের আগে ছিল প্রায় ৩৩.৭৬ শতাংশ। নতুন নতুন বসতি শুরু হলে ওই বছরই সেটা কমে ৩২.৯৪ শতাংশে দাঁড়ায়। এ সময় নিম্নভূমি ছিল ২০.৬৭ শতাংশ, সবুজাঞ্চলের তুলনায় দুই-তৃতীয়াংশ প্রায়। কিন্তু ২০২০ সালে এসে সবুজাঞ্চল কমে ২৩ শতাংশে দাঁড়ায়; অন্যদিকে বসতি ও নিম্নভূমি বেড়ে যথাক্রমে কমবেশি ৩৫ ও ২৮ শতাংশে দাঁড়ায়। এরপর থেকে সবুজাঞ্চল হ্রাস এবং বসতি ও নিম্নভূমির প্রবৃদ্ধি অব্যাহত থাকে।

২০২০ সালে এসে দেখা যায়, নিম্নভূমি যেমন ব্যাপক মাত্রায় বেড়েছে; তেমনই ব্যাপক মাত্রায় কমেছে সবুজাঞ্চল ও জলাভূমি। নিম্নভূমি ১৯৯০ সালের ২০.৬৭ শতাশ থেকে বেড়ে ২০২০ সালে ৩৬.৪৩ শতাংশে দাঁড়ায়। অর্থ্যাৎ গত ৩০ বছরে নদীর অববাহিকায় নিম্নভূমি বেড়েছে ১৫.৭৬ শতাংশ। সবুজাঞ্চল ১৯৯০ সালের ৩৩.৩৭ শতাংশ থেকে কমে ২০২০ সালে ১৮.৭৬ শতাংশে দাঁড়ায়।

এর অর্থ দাঁড়ায় , বুড়িগঙ্গা অববাহিকায় সবুজাঞ্চল ও জলাভূমি ক্রমবর্ধমান হারে নিম্নভূমিতে পরিণত হয়েছে এবং সেখানে নতুন বসতি স্থাপিত হয়েছে।

নদী গবেষক রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন বলেন, প্রচলিত গবেষণার মতো বুড়িগঙ্গা বিষয়ক এই গবেষণাতেও পানির গুনগত মান পরীক্ষা করা হয়েছে। তবে বছরের ছয়টি ঋতু ধরে পানির গুনগত মান পরীক্ষার বিষয়টি নিঃসন্দেহে বিশেষ মাত্রা যুক্ত করেছে। এই গবেষণায় বুড়িগঙ্গার প্রবহমান অংশের বসিলা সেতু ও সদরঘাট পয়েন্ট থেকে পানির নমুনা সংগ্রহ এবং ১০টি সূচক— তাপমাত্রা, দৃশ্যমানতা, ইলেকট্রিক্যাল কন্ডাকটিভিটি বা ধাতুর সংক্রমণ, দ্রবীভূত অক্সিজেন, ক্ষারত্ব, সামগ্রিক দ্রবীভূত উপাদান বা টিডিএস, টারবিডিটি, টোটাল অ্যালকালিনিটি, সামগ্রিক দ্রবীভূত উপাদান বা টিএসএস এবং বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বা বিওডি পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ছয়টি পরীক্ষা অকুস্থলে করা হয়েছে এবং চারটি পরীক্ষা গবেষণাগারে সম্পন্ন হয়েছে।

জলাভূমিতে জীব বা অণুজীবের জীবনধারনের জন্য প্রয়োজনীয় নূন্যতম ৫ মিলিগ্রাম/লিটার দ্রবীভূত অক্সিজেন বা ডিও প্রয়োজন হয়। গবেষণায় দেখা গেছে, কেবল বর্ষা ও শরতকালে বুড়িগঙ্গায় সেই নূন্যতম অক্সিজেন থাকে। বর্ষাকালে সদরঘাটে সর্বোচ্চ ৬.৫ মিলিগ্রাম/লিটার অক্সিজেন পাওয়া গেছে। বাকি চার ঋতুতে হেমন্ত, শীত, বসন্ত ও গ্রীষ্মকালে বুড়িগঙ্গায় জীবনধারনের জন্য প্রয়োজনীয় নূন্যতম অক্সিজেন থাকে না। গ্রীষ্মকালে দ্রবীভূত অক্সিজেন ৩ এর নিচে নেমে আসলেও বাকি তিন ঋতুতে ২ এর নিচে নেমে আসে। এমনকি হেমন্তকালে সেটা ১ এর নিচে নেমে আসে।

এশিয়ার একমাত্র মিঠা পানির প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী। ২০২০ সালে রুই জাতীয় মাছের মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে খ্যাত এ নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হিসেবে ঘোষণা করেছে সরকার। কিন্তু বাঁধ, দখল, ড্রেজিংয়ের ফলে সেই হালদা নদীতে জীববৈচিত্র্যের ক্ষতিসাধন ঘটছে প্রতিনিয়ত। নদীতে মৃত ডলফিনের ঘটনা বাড়ছে। প্রধানত তিনটি কারণে হালদা নদীতে ডলফিনের মৃত্যু বাড়ছে বলে ধারণা করছে বিশেষজ্ঞরা। এগুলো হলো নৌকার প্রপেলার বা অন্য কোনো আঘাতজনিত কারণ, পানিতে আটকা পড়ে শ্বাসকষ্টে মারা যাওয়া এবং অবৈধ শিকার। নদীতে যখন কোনো ভারী ইঞ্জিনচালিত নৌকা অথবা বালু তোলার ড্রেজার চলাচল করে তখন ডলফিন কোনো না কোনোভাবে সামান্য আঘাতপ্রাপ্ত হলে মারা যায়। তা ছাড়া মাঝেমধ্যে বিভিন্ন কবিরাজি ওষুধ, বড়শির টোপ ইত্যাদির জন্য বিভিন্ন সময়ে ডলফিন হত্যা করতে দেখা যায়।

৩১৫ কিলোমিটার দীর্ঘ তিস্তা অববাহিকার ১১৫ কিলোমিটার পড়েছে বাংলাদেশে। উত্তরের জীবনরেখা হিসেবে পরিচিত এই নদী দখলের যেন মহোৎসব চলছে। সোলার পাওয়া তৈরির নামে নদীর জমি দখল করেছে সৌরবিদ্যুৎ কোম্পানি। তারা নদীতে চাষাবাদ করে বেঁচে থাকা কৃষকদের জমি দখল করে গড়ে তুলছে স্থাপনা। তিস্তা আন্তর্জাতিক নদী হওয়া সত্ত্বেও ভারত একতরফা বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপাদন এবং প্রায় ছয় লাখ হেক্টর জমিতে সেচের জন্য পানি প্রত্যাহার করে নেওয়ার পর বাংলাদেশের জন্য পানি ছাড়ে। যে পানি আশীর্বাদ না হয়ে বেশির ভাগ সময়ে এ দেশের মানুষের জন্য বয়ে আনছে অভিশাপ। ফলে অসময়ে তিস্তাপাড়ে বন্যা দেখা দিচ্ছে, বছর বছর বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। তিস্তার পানি প্রাপ্তির ন্যায্য হিস্যার অধিকার প্রতিষ্ঠিত না হওয়ায় প্রতি বছর লোকসানের মুখে পড়ছে অত্র অঞ্চলের কৃষি ও কৃষকরা।

নানা কারণে বিপন্ন হয়ে পড়া মাতামুহুরী নদী প্রতিনিয়ত আরও বেশি বিপন্নতার দিক ধাবিত হচ্ছে। আরাকান পাহাড় থেকে উৎপত্তি হওয়া মাতামুহুরীর দৈর্ঘ্য ১৭০ কিলোমিটার। নাব্যতা হারিয়ে নদীর তলদেশ ভরাট হয়ে জেগে উঠেছে খন্ড খন্ড চর। ব্যহত হচ্ছে নৌ চলাচল। অবস্থার পরিবর্তন না হলে আগামী কয়েক দশকে নদীর তলদেশ ভরাট হয়ে পুরোপুরি নাব্যতা হারিয়ে ফেলবে এই নদীটি। একই সঙ্গে পাহাড় থেকে নদীতে নেমে আসা জলধারাগুলো মরে গেলে আরও বেশি সংকটাপন্ন অবস্থা দেখা দেবে। বিশ্লেষকরা বলছে, উজান থেকে ঢলের সঙ্গে নেমে আসা মাটি ও বালুতে তলদেশ ভরাট হয়ে নদীর পানি ধারণক্ষমতা কমে গেছে। প্রভাবশালীরা নদীর তীর দখল করেছে। বনভূমি উজাড় এবং জলধারার পাথর তুলে পাচার করা হচ্ছে। এর ফলে কোথাও কোথাও নদীর গতিপথ পরিবর্তন হয়ে ব্যাপক ভাঙনের কবলে পড়ছে। আবার বর্ষায় সামান্য বৃষ্টিতে বন্যা হচ্ছে এবং শুকনো মৌসুমে পানির সংকট দেখা দিচ্ছে।

সরকারী হিসেব অনুযায়ী বাংলাদেশের নদীগুলোর জরিপ পরিচালনা করে নদীর স্বাস্থ্য ও জলজ চরিত্র বিশ্লেষণ করে ৫৬টি নদীতে অতিমাত্রায় দূষণ খুঁজে পায় রিভার এন্ড ডেল্টা রিসার্চ সেন্টার। এই নদীগুলোতে মূলত দূষণের উৎস, pH, DO (Dissolved Oxygen), BOD (Biological Oxygen Demand). এবং COD (Chemical Oxygen Demand) এর বৈশিষ্ট্যের ফলাফলের ভিত্তিতে তৈরী করা হয়।

মানবসৃষ্ট দূর্যোগে নদীর ক্ষতিসাধনের ফল ভোগ করতে হচ্ছে মানুষকেই। দখল-দূষণে সময়ের সাথে সাথে হারিয়ে যেতে বসেছে নদীগুলো। নদী হারিয়ে যাওয়ায় বিলুপ্ত হয়ে যাচ্ছে নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা পেশাজীবী মানুষেরা। বিশেষ করে শুষ্ক মৌসুমে নদীর পানি কমে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েন নদীপাড়ের হাজারো কর্মজীবী মানুষ। জীবিকা নির্বাহ করতে ‘মাইগ্রেশন’ হয়ে অন্যত্র চলে যান তারা।

রিভার এন্ড ডেল্টা রিসার্চের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ বলেন, শুধু তুরাগ পাড়েই ৪৭টা গ্রাম আছে যাদের সবাই এখন বেকার। জনসংখ্যা হিসেবে এটা পঞ্চাশ হাজারেরও উপরে। ঢাকার আশপাশের এই মৎসজীবী ও মাঝিরা কর্মহীন হয়ে পড়ে অথবা ‘মাইগ্রেশন’ হয়ে অন্যত্র চলে যায়।

নদী গবেষক ও রিভার বাংলার সম্পাদক ফয়সাল আহমেদ বলেন, নদীর সুরক্ষা নিশ্চিত করতে হলে কয়েকটি বিষয় ভীষণ জরুরি। যেমন, নদীতে অবাদ পানি প্রবাহ নিশ্চিত আছে কি—না, নদী দখল ও দূষণমুক্ত আছে কি—না। যদি এই তিনটির কোনো একটি অনুপস্থিত থাকে, তাহলে বলতে হবে নদীটি ভালো নেই। এখন বাংলাদেশের সবত্রই একই অবস্থা। দখল কিংবা দূষণমুক্ত নদী পাওয়া বিরল বিষয় হয়ে দাঁড়িয়েছে। আজকের এই সময়ে নদীকৃত্য দিবসে আমাদের প্রত্যাশা থাকবে দেশের সকল নদ-নদী দখল ও দূষণ মুক্ত হোক।

শেয়ার করুন

সংশ্লিষ্ট আরও সংবাদ
© All rights reserved © 2024 The Dhaka Age
Theme Download From ThemesBazar.Com