বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

পরশুরামে পাঠাগার ভাংচুর ও লুটপাট

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৮ মে, ২০২৫

ফেনীর পরশুরামে পাঠাগার ভাংচুর করে লুটপাটের অভিযোগ উঠেছে। এতে পাঠাগারের ঘর, সাইনবোর্ড ও আলমারি সহ প্রায় ২ লক্ষ টাকার জিনিস লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন পাঠাগারটির সহ-প্রতিষ্ঠাতা এহসানুল মাহবুব যোবায়ের।

জানা যায়, গত ২৩ মে ফেনীর পরশুরামের বক্সমাহমুদ ইউনিয়নের মোহাম্মদপুরে ডা. জালাল আহমদ স্মৃতি পাঠাগারের নির্মান কাজ শুরু করেন। এরপর সেদিন দুপুরেই পাঠাগারের সাইনবোর্ড ছিনিয়ে নিয়ে যায় পাশ্ববর্তী বাড়ির মো. সোহেল ও হোসনে আরা বেগম। এ ঘটনায় পরশুরাম থানায় সাধারণ ডায়েরি করা হয়। এরপর ২৫ মে সকালে পাঠাগারের সম্পূর্ণ ঘরল আসবাবপত্র ও সাইনবোর্ড ভাংচুর করে নিশ্চিহ্ন করে দেয়া হয়।

পাঠাগারের সহ প্রতিষ্ঠাতা এহসানুল মাহবুব যোবায়ের বলেন, এই জায়গাটি আমাদের ক্রয়কৃত জায়গা। এলাকার মানুষের জন্য এখানে আমরা একটা পাঠাগার বানানোর উদ্যোগ নেই। দীর্ঘদিন ধরে এলাকার কয়েকজন আমাদের উদ্যোগে বাঁধা প্রদান করে। তারা আমাদের নামে মামলা করে যাতে এখানে আমরা কোনো পাঠাগার প্রতিষ্ঠা করতে না পারি। বিজ্ঞ আদালত তাদের দুটি মামলাই খারিজ করে দিয়েছেন। আদালতের আদেশ পেয়ে আমরা পাঠাগারের কাজ শুরু করলে তারা এসে আমাদের বাঁধা দেয়। পরেরদিন সকালে এসে দেখি ওরা আমাদের ঘর ও আসবাবপত্র লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় আমরা থানায় লিখিত জানিয়েছি। আইনের প্রতি সম্মান রেখে আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছিলাম। সামনের কাজও আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখেই আগাতে চাই।

তিনি জানান, এই ঘটনার সাথে অভিযুক্তরা হলেন— মো. সোহেল, হোসনে আরা বেগম, মহিউদ্দিন চৌধুরী, ছেমনা আকতার সহ তাদের পরিবারের আরও বেশ কয়েকজন। তারা আগে থেকেই বিভিন্নভাবে আমাদের হুমকিধামকি দিয়ে আসছে। এসব ঘটনায়ও আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছিলাম। কিন্তু কোনো প্রতিকার পাইনি।

এ বিষয়ে অভিযুক্ত মহিউদ্দিন বলেন, এই জায়গাটা আমাদের ছিলো। আমার বড় ভাই এই জায়গাটা তাদের কাছে বিক্রি করেছে। কিন্তু এসব নিয়ে কোনো সমাধান হয়নি। আমাদের জায়গায় কেউ ঘর তুললে আমরা সেটা ভেঙে ফেলবোই।

আদালতের রায় বিপক্ষে যাওয়ার পরও জায়গা কিভাবে আপনাদের হয়? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওরা আদালতে টাকা দিয়ে ভুয়া রায় এনেছে। আমরা কেউই এটা মানি না।এ বিষয়ে কেতরাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রহিম বলেন, মনির সাহেব অনেক সম্ভ্রান্ত মানুষ। আমরা এলাকাবাসী ওনার কাছে একটা পাঠাগার করার জন্য আবদার করি। এর আগে উনি আমাদের জন্য মসজিদ ও মাদরাসা করে দিয়েছেন। স্কুলের ছেলেদের জন্য খেলার মাঠ করে দিয়েছেন। একটা পাঠাগারে যেখানে এলাকার মানুষ জ্ঞান অর্জন করবে সেখানে এরকম ঘটনা দুঃখজনক।সার্বিক বিষয়ে পরশুরাম থানার অফিসার ইনচার্জ নুরুল হাকিম বলেন, ঘটনা জানার সাথে সাথে আমরা পুলিশ ফোর্স পাঠিয়েছি। ঘটনাস্থলে গিয়ে একটা ঘর ভাঙা অবস্থায় দেখে এসেছে। আমরা দুই পক্ষকে নিয়ে বসতে চেয়েছি। কিন্তু বিবাদী পক্ষের কোনো সাড়া পাইনি। একটা সাধারণ ডায়েরি নেয়া হয়েছে।

শেয়ার করুন

সংশ্লিষ্ট আরও সংবাদ
© All rights reserved © 2024 The Dhaka Age
Theme Download From ThemesBazar.Com