বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

এনসিপির সেকেন্ড রিপাবলিকে যা আছে

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১২ মার্চ, ২০২৫

১৯৭১ সালে লক্ষ প্রাণের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত মহান মুক্তিযুদ্ধ শুধু একটি স্বাধীন ভূখণ্ড নয়, একটি নতুন স্বপ্নের রাষ্ট্র গঠনের অঙ্গীকারও দিয়েছিল। সে রাষ্ট্র হবে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে গঠিত; যেখানে কোনো ধরনের শোষণ, বৈষম্য ও নিপীড়ন থাকবে না। আমাদের প্রথম রিপাবলিকের ভিত্তি এই চেতনায় স্থাপিত হলেও, স্বাধীনতার অব্যবহিত পরেই রাষ্ট্রব্যবস্থা সেই আদর্শ থেকে বিচ্যুত হয়।

স্বাধীনতার পর ১৯৭২ সালে একদলীয় সংবিধান প্রণীত হয়। ওই সংবিধানের শাসনব্যবস্থায় প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের চেয়ে নির্বাহী প্রধানের ক্ষমতা ব্যাপকভাবে এককেন্দ্রিক করা হয়। একব্যক্তি কেন্দ্রিক শাসনব্যবস্থা এবং স্বৈরতান্ত্রিক ক্ষমতাকাঠামোর কারণে সরকার ও প্রধানমন্ত্রী স্বৈরতান্ত্রিক হয়ে ওঠে। পরবর্তী সময়ে সংবিধানে একাধিক সংশোধনী স্বৈরতন্ত্রের ভিত্তিকে আরও মজবুত করে। ফলে মুক্তিযুদ্ধের মূল চেতনা অর্থাৎ জনগণের ক্ষমতায়ন ও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা বাস্তবায়িত হয়নি।

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণআন্দোলন এই পরিস্থিতি পরিবর্তনের একটি সুযোগ তৈরি করে দিয়েছিল। সামরিক স্বৈরশাসনের অবসানের পর রাজনৈতিক দলগুলো তিন জোটের রূপরেখা প্রণয়ন করে, যার লক্ষ্য ছিল জনগণের স্বার্থে একটি স্থায়ী গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা। কিন্তু ক্ষমতার মোহে তারা নিজেরাই নিজেদের করা প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং বিদ্যমান ক্ষমতাকাঠামোর মূল সংকট তথা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা বজায় থাকে। ফলে গণতন্ত্রের নামে প্রকৃতপক্ষে একটি স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, যা জনগণের স্বার্থের বিপরীতে অবস্থান নেয়।

এরই ধারাবাহিকতায় বিগত পনেরো বছরে গণহত্যাকারী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগের হাতে শাসনব্যবস্থা ধীরে ধীরে একটি নিপীড়নমূলক, ফ্যাসিবাদী ব্যবস্থায় রূপ নেয়। একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে দলীয় স্বার্থে ব্যবহার করা হয়। নির্বাচন কাঠামো ধ্বংস করে জনগণের ভোটাধিকার হরণ করা হয়। বিরোধী দল দমন, গুম, খুন, ক্রসফায়ার ও রাষ্ট্রীয় নির্যাতনের মাধ্যমে নজিরবিহীন ত্রাসের রাজত্ব কায়েম করা হয়। লুটপাটের মাধ্যমে ধ্বংস করে ফেলা হয় দেশের অর্থনীতি; ব্যাংকিং খাত থেকে শুরু করে অবকাঠামোগত উন্নয়ন, সব ক্ষেত্রেই দুর্নীতি মহামারির রূপ নেয়।

এই দীর্ঘ নিপীড়নের বিরুদ্ধে জনগণের পুঞ্জিভূত ক্ষোভ সহ্যের সকল সীমা অতিক্রম করে এবং এক পর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জনগণ সংগঠিত হতে থাকে। ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার অভূতপূর্ব গণবিস্ফোরণে লাখো তরুণ রাস্তায় নেমে আসে, আর তাদের সমর্থনে দেশের আপামর জনতা তাদের পাশে এসে দাঁড়ায়। এক দফা আন্দোলনের মাধ্যমে অভূতপূর্ব এই গণঅভ্যুত্থান ফ্যাসিবাদী সরকারকে পতনের মুখে ঠেলে দেয়। ৩ আগস্ট লাখো জনতার উপস্থিতিতে ঘোষিত হয় এক দফা: ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত।

এর মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। জনগণের ঐতিহাসিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আমরা চাই একটি নির্বাচিত গণপরিষদ গঠিত হবে, যার দায়িত্ব হবে রাষ্ট্রের পুনর্গঠন ও নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন। আমাদের লক্ষ্য হবে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা, যেখানে জনগণের ভোটাধিকার অবাধ ও সুরক্ষিত থাকবে; দুর্নীতিমুক্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, যেখানে সরকারি সংস্থাগুলো হবে জবাবদিহিমূলক ও জনসেবামুখী; আইনের শাসন প্রতিষ্ঠা, যেখানে সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে এবং রাষ্ট্রীয় সংস্থাগুলো রাজনৈতিক প্রভাবমুক্ত থাকবে; অর্থনৈতিক সুবিচার তথা লুটপাট ও বৈষম্যের অবসান ঘটিয়ে সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করা হবে। একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা, যেখানে ধর্ম, জাতি, লিঙ্গ বা রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সকল নাগরিক সমান সুযোগ পাবে।

এই পুনর্গঠিত রাষ্ট্রই হবে আমাদের সেকেন্ড রিপাবলিক—একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশের জন্য নতুন এক যাত্রা, যেখানে জনগণ হবে ক্ষমতার প্রকৃত আধার।

সেকেন্ড রিপাবলিকের খসড়া রূপকল্প

১. প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের কোনো কর্মকর্তা-কর্মচারীই একচ্ছত্র ক্ষমতার অধিকারী হবেন না। সাংবিধানিক স্বৈরতন্ত্রের অবসান ঘটবে।

২. কৃষকসহ যেকোনো শ্রেণিপেশার মানুষের সন্তান মেধা ও যোগ্যতার বলে দেশের প্রধানমন্ত্রী হতে পারবে।

৩. বিনা ভোটে ও ভোট কারচুপির মাধ্যমে কেউ ক্ষমতা দখল করতে পারবে না।

৪. দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। দেশ কখনো দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন হবে না। দুর্নীতি ও পাচারের মাধ্যমে জনগণের সম্পদ লুট হবে না।

৫. সিন্ডিকেটের কারসাজিতে দ্রব্যমূল্য বাড়ানো যাবে না।

৬. পুলিশ হবে জনগণের সেবক ও রক্ষক। পুলিশ অন্যায়ভাবে কাউকে আটক, হয়রানি ও জুলুম করতে পারবে না।

৭. বাংলাদেশের অভ্যন্তরীন বিষয়ে বিদেশী প্রভুদের খবরদারি চলবে না।

৮. দ্বিতীয় রিপাবলিকে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও মামলা বাণিজ্য চলবে না।

৯. রাষ্ট্রের নাগরিক বিনা হয়রানিতে আদালতে ন্যায়বিচার পাবে।

১০. ভয়ভীতিহীনভাবে মত প্রকাশ করতে পারবে।

১১. রাষ্ট্র সকল নাগরিকের কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করবে।

১২. বাংলাদেশের জনগোষ্ঠীর কোনো অংশকেই অপরায়ন করা হবে না; বরং রাষ্ট্রের প্রতিটি নাগরিককে সমান গুরুত্ব প্রদান ও সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে।

১৩. বাংলাদেশ ২.০ হবে তরুণ নেতৃত্বের বাংলাদেশ— উদ্ভাবন, উদ্যম ও ইনসাফ হবে নতুন বাংলাদেশের চালিকাশক্তি।

শেয়ার করুন

সংশ্লিষ্ট আরও সংবাদ
© All rights reserved © 2024 The Dhaka Age
Theme Download From ThemesBazar.Com