বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

শুষ্ক মৌসুমে নদী বদলায় ঢাকার হাজারো জেলে

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

এহসানুল মাহবুব জোবায়ের

চারপাশে নদীকে ঘিরে গড়ে উঠেছিলো মানুষের এক আদি সভ্যতা। সময়ের আবর্তনে যার নাম— ঢাকা। নদীপথে দেশের অন্যান্য জায়গার সাথে যোগাযোগ সহজলভ্য থাকায় এখানেই গড়ে উঠে বাঙলা অঞ্চলের রাজধানী। মানব বসতির শুরু থেকেই ঢাকায় মানুষের জীবিকা নির্বাহের একমাত্র ও প্রধান বাহক ছিলো— নদী। নদীতে জাল ফেলে মাছ ধরার পাশাপাশি নৌকা চালানো, আশপাশের জমিতে ফসল ফলানো আরও হরেকরকম কর্মক্ষেত্র গড়ে ওঠে এখানে।

দখল, শোষণ-দূষণে সময়ের সাথে সাথে হারিয়ে যেতে বসেছে ঢাকার নদীগুলো। নদী হারিয়ে যাওয়ায় বিলুপ্ত হয়ে যাচ্ছে নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা পেশাজীবী মানুষেরা। বিশেষ করে শুষ্ক মৌসুমে নদীর পানি কমে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েন নদীপাড়ের হাজারো কর্মজীবী মানুষ। জীবিকা নির্বাহ করতে ‘মাইগ্রেশন’ হয়ে অন্যত্র চলে যান তারা।

জাতীয় নদী কমিশন ও রিভার এন্ড ডেল্টা রিসার্চের তথ্য অনুযায়ী— ছোট-বড় মিলিয়ে ঢাকায় ৯৮টি নদী রয়েছে। ঢাকার রামপুরা, মেরাদিয়া, ডেমরা, উত্তরা, বসিলা, সাভার, টঙ্গী, কেরানীগঞ্জ, আশুলিয়া, বিরুলিয়া, কড্ডা এলাকায় কয়েক হাজার জেলে, মাঝি ও কৃষক পরিবার ছিলো। ঢাকা থেকে ছোট-বড় ৫টি নদী হারিয়ে গেছে। শুষ্ক মৌসুমে প্রায় ৫০ হাজারেরও বেশি জেলে কর্মহীন হয়ে পড়েন। অনেকে আবার স্থানান্তরিত হয়ে দেশের অন্যাত্র নদীগুলোতে মাছ ধরতে চলে যান।

রাজধানীর খিলগাঁওয়ের দাশেরকান্দি এলাকায় থাকেন জেলেরা। বালু নদীতে মাছ ধরা আর নৌকা বেয়ে জীবিকা নির্বাহ করতেন এখানকার প্রায় ৬০টিরও বেশি পরিবার। মাটি ভরাট, দূষন, খামারের কারণে এখন আর মাছ ধরতে পারেন না জেলেরা। আগে শিং, মাগুর, ইলিশ, কই মাছ পাওয়া যেতো। এখন পুটি আর তেলাপিয়া ছাড়া কোনো মাছ পাওয়া যায় না। শুষ্ক মৌসুমে পানি শুকিয়ে গেলে তখন মাছও থাকে না। বছরের ৬-৮ মাস পেশা পালটে অন্য কাজ করেন জেলে ও মাঝিরা।

শুষ্ক মৌসুমে ঢাকার আশেপাশের জেলেপল্লী ও নদী পাশ্ববর্তী গ্রামগুলোর মানুষের জীবিকা সংকটের পাশাপাশি তীব্র হয় বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সংকট। স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা নাজুক থাকায় পানিবাহিত নানান রোগ এইসব মানুষের নিত্যসঙ্গী।

দাশেরকান্দি জেলেপল্লীর আবদুল গণি বলেন, নষ্ট পানিতে এখন আর মাছ পাওয়া যায় না। প্রজেক্টের বালু দিয়ে নদী ভরাট করে ফেলা হয়েছে। মাছ ধরা ছেড়ে দিয়েছে জেলেরা। একসময় মানুষ নদী, খালের পানিতে গোসল করতো, রান্না করতো, পানি খেতো; গ্রামে তখন টিউবওয়েল ছিলো না। এখন সব বন্ধ হয়ে গেছে।

সাভার নামা বাজার এলাকায় দেখা মিলে বংশী—ধলেশ্বরী নদীর মোহনা। বংশী নদীর সেলো ঘাটের পাদদেশে বাস করে প্রায় ৬৫টি জেলে পরিবার। শীত আসায় ৪০টিরও বেশি পরিবার পেশা পালটে অন্য কাজ করছেন। ১০টি পরিবার স্থানন্তরিত হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে গেছে, প্রস্তুতি নিচ্ছে আরও তিনটি পরিবার। বর্ষা মৌসুমে তিন মাস এখানে মাছ ধরে জেলেরা। এরপর চলে যায় যমুনা, মেঘনা সহ দেশের অন্যান্য নদীতে।

সেলো ঘাট এলাকার বাসিন্দা মানিক মিয়া বলেন, বছরে তিন মাস আমরা এখানে মাছ ধরতে পারি। তখন ভালো ইনকাম হয়। এরপর পানি শুকিয়ে গেলে আমরা অসহায়। এই যে বড় নৌকা বানাচ্ছি, যমুনায় চলে যাবো। সেখান থেকে টাকা না পাঠালে পরিবার না খেয়ে থাকবে। মাছ ধরা ছাড়া আমরা অন্য কাজও পারি না। ভরা মৌসুমে আমাদের গ্রামের ৫০-৬৫টি পরিবার মাছ ধরতো, এখন আছে ১০-১২টা। বাকিরা মানুষের ঠেকা কাজ করে, বাজারে বোঝা বায়।

মানিক মিয়া বলেন, শুকনা মৌসুমে নদীর পানি তো মুখেই দেয়া যায় না। গোসল করলে শরীর চুলকায়—রোগ হয়, টিউবওয়েল চিপলে ময়লা পানি বের হয়। এখানকার জনপ্রতিনিধিরা ভোট আসলে আমাদের ভোটার আইডিকার্ড নিয়ে যায় কিন্তু কোনোদিন একটা সূতাও আমাদের দেয় নাই।

মাছ বিক্রির পেশার সাথে জড়িত মোক্তার হোসেন সওদাগরের মুখেও অসহায়ত্বের সূর। তিনি বলেন, বর্ষা মৌসুমে এখানে অনেক রকমের মাছ পাওয়া যায়। বোয়াল, আইড়, চিতল— এসব মাছ খাইতেও স্বাদ। পানি শুকিয়ে গেলে আর মাছ পাওয়া যায় না। অন্য জায়গা থেকে মাছ এনে বাজারে বেঁচতে হয়, তখন দামও বেশি পড়ে। শুকনো মৌসুমে নদীর পানির গন্ধে মানুষের টেকাও দায় হয়ে পড়ে। মাছ না পেলে আমাদের বেকার বসে থাকতে হয়।

প্রায় ৫৫ বছর ধরে বংশী নদীতে নৌকা চালান শামসুদ্দিন মাঝি। তিনিই তার বংশের শেষ মাঝি যিনি এই নদীতে নৌকা বাইছেন। শামসুদ্দিন মাঝি বলেন, মিল-কারখানার পানি নদীতে মিশে নষ্ট হয়ে গেছে। এখন পানিতে গন্ধ, মাছ পাওয়া যায় না। আমাদের চলাফেরাই কষ্ট। আমার এক ছেলেকে বিদেশ পাঠিয়ে দিয়েছি। নদী মরে যাচ্ছে—এখানে আর আমাদের ভবিষ্যত নাই।

রিভার এন্ড ডেল্টা রিসার্চের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ বলেন, শুধু তুরাগ পাড়েই ৪৭টা গ্রাম আছে যাদের সবাই এখন বেকার। জনসংখ্যা হিসেবে এটা পঞ্চাশ হাজারেরও উপরে। ঢাকার আশপাশের এই মৎসজীবী ও মাঝিরা কর্মহীন হয়ে পড়ে অথবা ‘মাইগ্রেশন’ হয়ে অন্যত্র চলে যায়।

শেয়ার করুন

সংশ্লিষ্ট আরও সংবাদ
© All rights reserved © 2024 The Dhaka Age
Theme Download From ThemesBazar.Com