বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

নির্বাচন কমিশন গঠন এবং শপথ প্রত্যাখ্যান

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

আওয়ামী সরকারের আইনের অধীনে নির্বাচন কমিশন গঠন এবং কমিশনারদের নিয়োগসহ শপথ গ্রহণের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছে জাতীয় নাগরিক কমিটি।

রোববার (২৪ নভেম্বর) বিকাল ৩টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী।

লিখিত বক্তব্যে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, আপনারা অবগত আছেন, ২০২২ সালে তৎকালীন অবৈধ ও ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকার নির্বাচন কমিশনার নিয়োগের একটি আইন প্রণয়ন করেছিল যা “প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার আইন-২০২২” হিসেবে পরিচিত। আওয়ামী সরকারের ওই আইন তখন বিএনপিসহ অপরাপর রাজনৈতিক দলগুলো প্রত্যাখ্যান করেছিল।

আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি, বর্তমান অন্তর্বর্তী সরকার ওই আইনের অধীনে নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটি গঠন করে। অথচ জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ওই আইন বাতিল করাটাই যুক্তিযুক্ত হতো।

নির্বাচন ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে সরকার একটি কমিটি গঠন করেছে। ৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সম্পর্কে সার্বিক প্রস্তাব সরকারের কাছে পেশা করা তাদের কাজ। এর মধ্যে আছে নির্বাচন কি আসনভিত্তিক হবে নাকি আনুপাতিক হবে সেই ব্যাপার; আছে নির্বাচন কমিশন গঠনের আইন প্রণয়নের পদ্ধতি প্রস্তাবসহ অন্যান্য নানা ব্যাপার।

জনাব বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন ওই কমিশন কাজ শুরু করেছে দুই মাসও হয় নাই। তাদের প্রথম কাজই হচ্ছে নির্বাচন কমিশন (ইসি) গঠনের পদ্ধতি ঠিক করা। তারা কোনো প্রস্তাব দেয়ার আগেই ইতিমধ্যেই সরকার ইসি গঠনের জন্য সার্চ কমিটি গঠন করেছে।

২০২২ সালে আওয়ামীলীগ আমলে প্রণীত বিতর্কিত “প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন-২০২২” এর অধীনে ইসি কমিটি গঠন করা হয়েছে। তখন সকল রাজনৈতিক দল ফ্যাসিবাদীদের দ্বারা প্রণীত ওই আইনের বিরোধিতা করেছিল। কারণ ওই আইন অনুযায়ী সরকারের পছন্দের লোককে নিয়োগ দেয়া সম্ভব ছিল।

নির্বাচন ব্যবস্থা সরকার কমিশনও আইনটি বদলানোর পক্ষে। ইতিমধ্যেই তারা একটি নতুন আইনের খসড়া তৈরি করেছে যা সরকারের কাছে পাঠানোর প্রক্রিয়ার মধ্যে আছে। সার্চ কমিটি গঠন করে ফেলায় এ কাজ আর আগাবে কি না তা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে। ইসি গঠনে সার্চ কমিটি গঠনের আগে সংস্কার কমিশনের সাথেও কোনো যোগাযোগ করা হয়নি। তবে সার্চ কমিটি গঠিত হয়ে যাওয়ার পর এই দফায় কমিশন গঠনের জন্য নিয়োগের আইনটির সংস্কার অপ্রয়োজনীয় হয়ে পড়ে।

নির্বাচন ব্যবস্থা কমিশন সংশ্লিষ্ট কেউ কেউ মনে করছেন, যেভাবে সার্চ কমিটি গঠন করা হয়েছে, সেটি ঠিক হয়নি। এটি করার ফলে সংস্কার কমিশনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। এতে সংস্কার প্রক্রিয়াও হোঁচট খাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ইসি গঠনের পদ্ধতি প্রস্তাব করার আগেই ইসি গঠনের জন্য সার্চ কমিটি গঠিত হয়ে গেছে। এতে অনেকেই মনে করছেন, নির্বাচন ব্যবস্থার আদৌ আর কোনো সংস্কার হবে কি না তা নিয়ে সন্দেহ প্রকাশের যথেষ্ট অবকাশ আছে।

জাতীয় নাগরিক কমিটি মনে করে, সার্চ কমিটি গঠনের আগে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন কি প্রস্তাব পেশ করে তার জন্য অপেক্ষা করা উচিত ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ৩১ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতেও কোনো কোনো পক্ষ নারাজ।

২০২২ সালে ফ্যাসিস্ট আওয়ামী সরকার যে আইনের অধীনে ব্যালট বাক্স ডাকাতি করে জনগণের ভোটাধিকার হরণ করেছিল, সেই একই আইনের অধীনে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন গঠন করেছে। আজ রবিবার তারা শপথ গ্রহণ করবেন।

আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সরকারের এমন সিদ্ধান্তে বিস্মিত হয়েছি এবং তাদের এমন পদক্ষেপের তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করি, এই সরকার গণঅভ্যুত্থান পরবর্তী জনগণের অভিপ্রায়কে পুরোপুরি ধারণ করতে পারছে না। আজও ফ্যাসিবাদী সরকারের রাষ্ট্রপতি বহাল রয়েছেন, যিনি গণহত্যাকারী হাসিনার হয়ে দীর্ঘদিন কাজ করেছেন। এই কদিন আগেও তিনি ফ্যাসিস্ট হাসিনা সম্পর্কে যে মন্তব্য করেছেন, তা গণঅভ্যুত্থানকে সাক্ষাত অস্বীকার করার শামিল। এ কারণে তার অধীনে কোনো ধরণের নিয়োগ বৈধ হতে পারে না। আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে অবৈধ রাষ্ট্রপতির অধীনে ফ্যাসিস্ট আইনি কাঠামোয় গঠিত নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করছি এবং অবিলম্বে নির্বাচন কমিশনসহ আইনটি বাতিল করে নতুন আইনের ভিত্তিতে একটি নিরপেক্ষ ও অবিতর্কিত নির্বাচন কমিশন গঠনের জোর দাবি জানাচ্ছি।

গত দেড় দশকে আওয়ামী লীগ যে ফ্যাসিবাদী কাঠামোর উপর দাঁড়িয়ে জনগণকে জিম্মি করেছিল, তার মধ্যে নির্বাচন কমিশন একটি। ফ্যাসিবাদ কায়েমের লক্ষ্যে আওয়ামী লীগ ২০২২ সালে নির্বাচন কমিশন গঠন করে এবং বেছে বেছে সুকৌশলে নিজেদের লোক নিয়োগ দেওয়ার ব্যবস্থা রেখে এই আইন প্রণয়ন করে। ২০২৪ সালের ৭ জানুয়ারি ফ্যাসিস্ট সরকার জনগণকে জিম্মি করে নামকাওয়াস্তে ডামি নির্বাচন দেয়। তারা জনগণের প্রায় সব রকম মানবাধিকার লঙ্ঘন করে ভোটাধিকার কেড়ে নেয়। ব্যালট বক্স ডাকাতি, বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হত্যা, গুম, অপহরণ এবং ত্রাস ও আতঙ্ক ছড়িয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতা দখল করে। এই পুরো প্রক্রিয়ার অন্যতম হাতিয়ার ছিল ২০২২ সালে প্রণীত নির্বাচন কমিশন নিয়োগের আইন। এই আইনসহ অন্যান্য নিবর্তনমূলক আইনের উপর দাঁড়িয়ে বিগত গণহত্যাকারী সরকার আয়নাঘর, হত্যা ও গুমের মতো নিষ্ঠুর ঘটনাগুলো ঘটিয়েছে। সেই কালাকানুনের অধীনে ইসি গঠন করে বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানকে কলঙ্কিত করেছে।

আমরা স্পষ্ট লক্ষ করছি, নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আগেই রাজনৈতিক দলগুলোর চাপের কাছে নতি স্বীকার করে সরকার নির্বাচন কমিশন গঠন করতে বাধ্য হয়েছে। এ কাজ গণঅভ্যুত্থানের কমিটমেন্টের সাথে বিশ্বাসঘাতকতার শামিল! আমরা সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই, বাংলাদেশের সর্বস্তরের ছাত্র ও জনগণ গণঅভ্যুত্থানের শরিক। কেবল রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে ড. মুহম্মদ ইউনূস এ ধরনের সিদ্ধান্ত নিতে পারেন না। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুস ও অন্যান্য উপদেষ্টাদের সিদ্ধান্ত গ্রহণে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন দেখতে চাই। ড. ইউনুস দৃঢ়তার সঙ্গে সঠিক সিদ্ধান্ত ও পদক্ষেপ নেবেন। এটাই শিক্ষার্থী, তরুণ সমাজ ও অভ্যুত্থানের শরিকরা প্রত্যাশা করেন। আমাদের প্রত্যাশা, তিনি শিক্ষার্থী ও তরুণ সমাজের বার্তা বুঝতে পারেন এবং তাদের আহবানে সাড়া দেবেন।

৩ মাসের অধিক ক্ষমতায় থেকে এই সরকার ইতিমধ্যেই তত্ত্বাবধায়ক সরকারের কাজের ক্ষেত্র ও সীমা অতিক্রম করেছে। তাছাড়া এই সরকার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত। কাজেই সরকারকে জনগণের আকাঙ্ক্ষা পুরোপুরি ধারণ করতে হবে। সরকার হিসেবে ক্রিয়াশীল থাকার ন্যায্যতা প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই প্রতিশ্রুত সংস্কারগুলো সম্পন্ন করতে হবে। সুতরাং রাজনৈতিক দলগুলোর চাপে নির্বাচন নিয়ে তড়িঘড়ি করা যাবে না। এক বছর বা তার কিছু বেশি সময় ক্ষমতায় থেকে কাঙ্ক্ষিত সংস্কার সম্পন্ন না করে নির্বাচন দিয়ে বিদায় নিলে এই সরকার তত্ত্বাবধায়ক সরকারের কাজ ৩ মাসের অধিক সময়ে নিষ্পন্ন করার অভিযোগে অভিযুক্ত হবে যা সরকারের বৈধতাকেও প্রশ্নবিদ্ধ করবে।

ড. ইউনূসকে মনে রাখতে হবে, তিনি ছাত্র-জনতার দ্বারা নিয়োগপ্রাপ্ত। তরুণ শিক্ষার্থী সমাজসহ আপামর জনগণের কাছেই তিনি দায়বদ্ধ। রাজনৈতিক দলগুলো না চাইলে সংস্কার হবে না, এ ধরনের অনাকাঙ্ক্ষিত মন্তব্য আমরা তার কাছ থেকে শুনতে চাই না।

আওয়ামী ফ্যাসিবাদী কাঠামোর মূলোৎপাটন করতে শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ জীবন বাজি রেখে লড়াই করেছে। দুই হাজারের বেশি মানুষ শহিদ হয়েছেন, ছয় শতাধিক যোদ্ধা চোখ হারিয়েছেন, হাজারের বেশি যোদ্ধা পঙ্গুত্ব বরণ করেছেন। শিক্ষার্থী, তরুণ সমাজ ও জনগণ জীবন দিয়ে যে সরকারকে বসিয়েছে, সেই সরকার দায়িত্বশীল আচরণ করবে বলেই আমরা আশা করি। জনগণ গণঅভ্যুত্থানের স্পিরিটবিরোধী কোনো সিদ্ধান্ত মেনে নেবে না।

আমরা মনে করি, এখনও সরকারের সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণের সুযোগ রয়েছে। এই সরকার জনগণের অভিপ্রায়কে প্রতিনিধিত্ব করবে তথা প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়াই তড়িঘড়ি করে নির্বাচন আয়োজন করার দিকে অগ্রসর হবে না— এটাই আমাদের দাবি। ড. ইউনুস ও তার সরকারকে অবশ্যই মনে রাখতে হবে, ফ্যাসিবাদী ও অবৈধ সংবিধানের আইনি কাঠামোয় নির্বাচন দিতে এত শহীদ প্রাণ দেননি। তাছাড়া গণঅভ্যুত্থানের দাবি কেবল নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ নয়। ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থা বিলোপের লক্ষ্যে সব ধরনের সংস্কার-পদক্ষেপ গ্রহণ করা না গেলে অভ্যুত্থানের লক্ষ্য অর্জিত হবে না এবং তা শহীদদের রক্তের সঙ্গে বেঈমানির শামিল।

তাই আমাদের দাবি, অতি দ্রুত গণহত্যাকারী আওয়ামী লীগের রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করতে হবে, ২০২২ সালের প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশন আইন বাতিল করতে হবে, তার অধীনে গঠিত নির্বাচন কমিশন বাতিল করে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রাপ্ত প্রস্তাবের আলোকে নতুন আইনের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন, সদস্য আরিফুল ইসলাম আদিব, সারোয়ার তুষার সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

শেয়ার করুন

সংশ্লিষ্ট আরও সংবাদ
© All rights reserved © 2024 The Dhaka Age
Theme Download From ThemesBazar.Com