বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

বাংলাদেশ থেকে উচ্চ মূল্যের পোশাক পণ্য কেনার আহ্বান

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

বৈশ্বিক ফ্যাশন রিটেইলার সিঅ্যান্ডএ সোর্সিংকে বাংলাদেশ থেকে সিনথেটিক ফাইবারের তৈরি পোশাকসহ উচ্চ মূল্যের পোশাক পণ্য আরো বেশি পরিমাণে কেনার আহ্বান জানিয়েছেন বিজিএমইএ প্রশাসক আনোয়ার হোসেন।

রাজধানীর উত্তরায় বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) কার্যালয়ে গতকাল সিঅ্যান্ডএ সোর্সিংয়ের হেড অব সোর্সিং আলেকজান্দ্রে সস-সালাস সাক্ষাৎ করতে এলে এ বিষয়ে আলোচনা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন সিঅ্যান্ডএ সোর্সিংয়ের আঞ্চলিক সোর্সিং ম্যানেজার শান্তনু সিং।

সিঅ্যান্ডএ সোর্সিং ইউরোপের দেশগুলোয় প্রায় ১৩০০ স্টোর পরিচালনা করে। প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রধান পোশাক ক্রেতাগুলোর মধ্যে অন্যতম। দীর্ঘদিন ধরে তারা এ দেশ থেকে পোশাক সোর্সিং করে আসছে।

বৈঠকে আলোচনার মূল বিষয়বস্তু ছিল বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের বর্তমান অবস্থা, বৈশ্বিক বাজারের প্রবণতা ও ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা। বিশ্ববাজারে শিল্পের প্রতিযোগী সক্ষমতা বাড়ানোর জন্য বিজিএমইএ ও সিঅ্যান্ডএ সোর্সিং কীভাবে একসঙ্গে কাজ করতে পারে তা নিয়েও বিশদ আলোচনা করা হয়।

বৈঠকে বিজিএমইএ প্রশাসক আনোয়ার হোসেন দেশের পোশাক খাতে যে রূপান্তরমূলক অগ্রগতি ঘটেছে, সে সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দেন। তিনি বৈশ্বিক ডিকার্বনাইজেশন প্রচেষ্টায় বাংলাদেশের ক্রমবর্ধমান নেতৃত্বমূলক ভূমিকা পালন ও যৌক্তিক সোর্সিং অনুশীলনের প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি তুলে ধরেন।

তিনি বলেন, ‘ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) প্রত্যয়িত ২৩০টি লিড কারখানাসহ বিশ্বের সর্বাধিক সংখ্যক পরিবেশবান্ধব পোশাক কারখানার আবাসস্থল বাংলাদেশ। বিশ্বের ১০০টি শীর্ষস্থানীয় লিড কারখানাগুলোর মধ্যে অর্ধেকেরও বেশি বাংলাদেশে অবস্থিত।’

সিনথেটিক ফাইবার থেকে তৈরি পোশাকসহ উচ্চ মূল্যের ফ্যাশন আইটেমগুলোর দিকে বাংলাদেশ ক্রমাগতভাবে ঝুঁকছে বলেও উল্লেখ করেন আনোয়ার হোসেন। তিনি সিঅ্যান্ডএ সোর্সিংকে বাংলাদেশ থেকে পোশাক, বিশেষ করে উচ্চ মূল্যের পোশাক পণ্যের সোর্সিং বাড়ানোর আহ্বান জানান।

পাশাপাশি বাংলাদেশের ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পে ক্রমবর্ধমান বিনিয়োগ ও উন্নয়নের বিষয়টিও সিঅ্যান্ডএ প্রতিনিধি দলকে অবহিত করেন, যা পোশাক শিল্পের প্রতিযোগী সক্ষমতা বাড়াচ্ছে।

শেয়ার করুন

সংশ্লিষ্ট আরও সংবাদ
© All rights reserved © 2024 The Dhaka Age
Theme Download From ThemesBazar.Com